ব্যাংক ঋণ (Bank Credit) কী? ব্যাংকে ঋণ ব্যবস্থাপনার (Credit Management) ভূমিকা কী?
ব্যাংক ঋণ (Bank Credit) কী?
‘Credit’ শব্দটি ল্যাটিন শব্দ Credo থেকে এসেছে, যার অর্থ ‘আমি বিশ্বাস করি’।
ব্যাংক ঋণ হলো এমন একটি আর্থিক সহায়তা, যেখানে ব্যাংক কোনো ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাকে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ প্রদান করে। ঋণগ্রহীতা পরে নির্ধারিত সময় অনুযায়ী মূল টাকা ও প্রযোজ্য সুদ বা মুনাফাসহ তা ব্যাংককে ফেরত দেয়/ পরিশোধ করে।
এটি উদ্যোক্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অর্থ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদাহরণ: একজন পোশাক কারখানার মালিক যন্ত্রপাতি কেনার জন্য ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ না করে ভবিষ্যতের ব্যবসায়িক আয় থেকে ঋণ পরিশোধ করেন। এটিই ব্যাংক ঋণের একটি উদাহরণ।
ঋণ ব্যবস্থাপনা (Credit Management) কী?
ঋণ ব্যবস্থাপনা হলো ব্যাংকের সকল ঋণ কার্যক্রম পরিকল্পনা, নিয়ন্ত্রণ, তদারকি ও পরিচালনার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে ঋণ যথাযথভাবে বিতরণ, সঠিক উদ্দেশ্যে ব্যবহার এবং সময়মতো আদায় করা হচ্ছে।
ব্যাংকে ঋণ ব্যবস্থাপনার ভূমিকা
আমানতকারীদের অর্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক সুস্থতা বজায় রাখার জন্য সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার ভুমিকা আলোচনা করা হলোঃ
১. আয় বৃদ্ধি
ঋণ ব্যাংকের আয়ের প্রধান উৎস। সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে ঋণ বিতরণ থেকে সর্বোচ্চ আয় নিশ্চিত করা সম্ভব হয়।
২. ঝুঁকি নিয়ন্ত্রণ
ঋণঝুঁকি প্রতিটি ব্যাংকের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা সম্ভাব্য ঋণঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণ করে আর্থিক ক্ষতি প্রতিরোধ করে। এটি খেলাপি ঋণ ও অনাদায়ী পাওনা কমাতে সাহায্য করে।
৩. আমানতকারীর অর্থের সুরক্ষা
ব্যাংক আমানতকারীদের অর্থ ঋণ হিসেবে বিতরণ করে। ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করে যে এই অর্থ নিরাপদভাবে ব্যবহার হচ্ছে এবং সময়মতো পুনরুদ্ধার করা যাচ্ছে।
৪. মূলধনের মানদণ্ড বজায় রাখা
সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার ফলে খেলাপি ঋণ ও ঋণজনিত ক্ষতি কম হয়। এতে ব্যাংককে অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে হয় না। ফলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্ধারিত মূলধনের মানদণ্ড সহজে বজায় রাখা সম্ভব হয়।
৫. আর্থিক স্থিতিশীলতা রক্ষা
এটি খেলাপি ঋণের (NPL) অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উচ্চ খেলাপি ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকি।
৬. নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা প্রতিপালন
সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করে। যেমন CMSME ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা, বৃহৎ ঋণের সীমা, ICRRS এবং CIB রিপোর্টিং।
৭. অর্থনৈতিক উন্নয়ন
সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ নিশ্চিত করে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।
উপসংহার
ব্যাংকের নিরাপদ, লাভজনক ও টেকসই পরিচালনার জন্য কার্যকর ঋণ ব্যবস্থাপনা অপরিহার্য। এটি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
Credit Operations and Management, Module A, 99th BPE, 1(a), 96th BPE 1(a), 5th BPE 1(a)
