ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ধরন আলোচনা কর। এই বিশেষ সম্পর্কের সাথে কী কী অতিরিক্ত দায়িত্ব যুক্ত থাকে?
ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, আস্থা ও সদিচ্ছার (Good Faith) উপর প্রতিষ্ঠিত। এ সম্পর্ককে বিশ্বাসভিত্তিক সম্পর্ক (Fiduciary Relationship) বলা হয়।
কোনো ব্যক্তি ব্যাংকে হিসাব খুললে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি আইনগত সম্পর্ক সৃষ্টি হয়। এ সম্পর্কের মাধ্যমে উভয় পক্ষই কিছু অধিকার ভোগ করে এবং নির্দিষ্ট দায়িত্ব ও বাধ্যবাধকতা পালন করে।
নিচে ব্যাংকার ও গ্রাহকের মধ্যে বিভিন্ন সম্পর্ক আলোচনা করা হলোঃ
দেনাদার ও পাওনাদার (Debtor and Creditor)
এটি ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সবচেয়ে সাধারণ সম্পর্ক।
- গ্রাহক ব্যাংকে অর্থ জমা দিলে ব্যাংক দেনাদার (Debtor) হিসেবে গণ্য হয়, কারণ ব্যাংক গ্রাহকের অর্থ ফেরত দিতে বাধ্য।
- গ্রাহক পাওনাদার (Creditor) হিসেবে গণ্য হন, কারণ তিনি জমাকৃত অর্থ দাবি করার অধিকার রাখেন।
- ব্যাংক ঋণ প্রদান করলে সম্পর্ক হয়। বিপরীতমুখী হয়।
- তখন গ্রাহক দেনাদার হন, কারণ তাকে ঋণ সুদসহ পরিশোধ করতে হয়।
- ব্যাংক পাওনাদার হয়, কারণ ঋণ আদায়ের অধিকার ব্যাংকের থাকে।
মালিক ও প্রতিনিধি (Principal and Agent)
কখনও কখনও ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন কাজ সম্পাদন করে। তখন ব্যাংক প্রতিনিধি (Agent) এবং গ্রাহক মালিক (Principal) হিসেবে বিবেচিত হন।
উদাহরণ:
- চেক, বিল বা লভ্যাংশ আদায় করা।
- বীমা প্রিমিয়াম, ইউটিলিটি বিল বা সাবস্ক্রিপশন ফি পরিশোধ করা।
- গ্রাহকের পক্ষে সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করা।
ট্রাস্টি ও সুবিধাভোগী (Trustee and Beneficiary)
কিছু ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের সম্পদ বা দলিল ট্রাস্টি হিসেবে সংরক্ষণ করে।
উদাহরণ:
- গ্রাহক কালেকশনের জন্য চেক জমা দিলে অর্থ আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক চেকটি ট্রাস্টি হিসেবে সংরক্ষণ করে।
- অর্থ আদায়ের পর ব্যাংক গ্রাহকের হিসাবে জমা করে।
- এ ক্ষেত্রে গ্রাহক সুবিধাভোগী (Beneficiary) হন।
আমানতকারী ও আমানত গ্রহণকারী (Bailor and Bailee)
গ্রাহক নিরাপদ হেফাজতের জন্য মূল্যবান সামগ্রী ব্যাংকে জমা দিলে এ সম্পর্ক সৃষ্টি হয়।
- যিনি মূল্যবান সম্পদ জমা করেন তিনি Bailor, যার কাছে মূল্যবান সম্পদ জমা রাখা হয় সে Bailee।
- এ ক্ষেত্রে ব্যাংক হলো Bailee আর গ্রাহক হলেন Bailor।
উদাহরণ: স্বর্ণালঙ্কার, গয়না, গুরুত্বপূর্ণ দলিল, শেয়ার সনদ
লীজ দাতা ও লীজ গ্রহীতা (Lessor and Lessee)
ব্যাংক যখন সেফ ডিপোজিট লকার ভাড়ায় দেয়, তখন এ সম্পর্ক সৃষ্টি হয়।
- ব্যাংক Lessor, কারণ ব্যাংক লকার ভাড়া দেয়।
- গ্রাহক Lessee, কারণ তিনি ভাড়া দিয়ে লকার ব্যবহার করেন।
- গ্রাহক লকারে মূল্যবান সামগ্রী সংরক্ষণ করেন এবং ব্যাংক নিরাপত্তা ও লকার সুবিধা প্রদান করে।
ব্যাংকারের অতিরিক্ত দায়িত্ব (Additional Obligations of the Banker)
গ্রাহকের চেক পরিশোধের বাধ্যবাধকতা (Obligation to Honour Cheques)
ব্যাংকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো গ্রাহকের চেক যথাযথভাবে পরিশোধ করা।
নিম্নলিখিত শর্ত পূরণ হলে ব্যাংক চেক পরিশোধ করতে বাধ্য—
- গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হবে।
- চেকটি সঠিকভাবে পূরণ ও স্বাক্ষরিত হতে হবে।
- চেকটি বৈধ সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে।
- চেকের ওপর কোনো আইনগত নিষেধাজ্ঞা বা Stop Payment নির্দেশনা থাকা যাবে না।
এই বাধ্যবাধকতা Negotiable Instruments Act, 1881-এর Section 31 দ্বারা নির্ধারিত।
গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা (Obligation to Maintain Secrecy)
ব্যাংককে গ্রাহকের হিসাবসংক্রান্ত সব তথ্য গোপন রাখতে হয়। হিসাব বন্ধ হওয়ার পরও এ দায়িত্ব বহাল থাকে।
তবে নিম্নলিখিত ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের তথ্য প্রকাশ করতে পারে—
- আইন বা আদালতের নির্দেশে।
- গ্রাহকের স্পষ্ট বা পরোক্ষ সম্মতিতে।
- জনস্বার্থে তথ্য প্রকাশ করা প্রয়োজন হলে।
Credit Operations & Management, Module A, 7th Exam Q1(a), 5th Exam Q1(b), 97th Exam Q1(c), 98th Exam Q1(a)
