ঋণ পরিকল্পনা (Credit Planning) কেন গুরুত্বপূর্ণ? কার্যকর ঋণ পরিকল্পনার জন্য কী কী বিষয় বিবেচনা করতে হয়?
ঋণ পরিকল্পনা হলো ভবিষ্যতে কীভাবে, কোন খাতে, কত পরিমাণে এবং কী শর্তে ঋণ প্রদান করা হবে তার একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা। এর মাধ্যমে ব্যাংক তার নিজস্ব উদ্দেশ্য, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ প্রদানের লক্ষ্য নির্ধারণ করে।
ঋণ পরিকল্পনার গুরুত্ব (Importance of Credit Planning)
সুষ্ঠু ঋণ পরিকল্পনা ছাড়া কোনো ব্যাংক তার ঋণযোগ্য তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারে না। পাশাপাশি জাতীয় উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য অগ্রাধিকার খাতে কার্যকরভাবে ঋণ বিতরণও সম্ভব হয় না।
নিম্নে ঋণ পরিকল্পনার গুরুত্ব আলোচনা করা হলোঃ
মুনাফা বৃদ্ধি
সুষ্ঠু ঋণ পরিকল্পনা ঋণযোগ্য তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। এর ফলে ব্যাংকের আয় ও মুনাফা বৃদ্ধি পায়।
পোর্টফোলিওর বৈচিত্রায়ন
ঋণ পরিকল্পনা বিভিন্ন খাত ও বিভিন্ন ধরনের ঋণগ্রহীতার মধ্যে ঋণ বিতরণে সহায়তা করে। এর ফলে কোনো একক খাত বা গ্রাহকের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমে। এতে ঋণের কেন্দ্রীভবনজনিত ঝুঁকি হ্রাস পায় এবং ঋণ পোর্টফোলিও আরও স্থিতিশীল হয়।
তহবিলের সর্বোত্তম ব্যবহার
ঋণ পরিকল্পনার মাধ্যমে ব্যাংকের তহবিল উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয়। এতে অলস তহবিলের পরিমাণ কমে এবং আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হয়।
নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা পরিপালন
ঋণ পরিকল্পনা প্রণয়নের সময় বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা, একক গ্রাহক ঋণসীমা (Exposure Limit) এবং অন্যান্য নিয়ন্ত্রক নির্দেশনা বিবেচনা করা হয়। ফলে ব্যাংক আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে পারে।
জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য
কৃষি, শিল্প, রপ্তানি এবং অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। সুষ্ঠু ঋণ পরিকল্পনা জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে।
কার্যকর ঋণ পরিকল্পনার জন্য বিবেচ্য বিষয়সমূহ
কার্যকর ঋণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা উচিতঃ
- ব্যাংকের উদ্দেশ্য ও কার্যপরিধি (Mandate of the Bank),
- সরকার ও নিয়ন্ত্রক সংস্থার অগ্রাধিকার বিষয় সমূহ,
- অর্থবাজার (Money Market) ও মূলধন বাজারের (Capital Market) বিদ্যমান অবস্থা,
- বাজারে সমজাতীয় পণ্যের বাজার পরিস্থিতি,
- ঋণের ব্যয় বা ঋণের মূল্য নির্ধারণ (Cost of Credit/Loan Pricing),
- পূর্ববর্তী তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের ঋণের ঝুঁকি মূল্যায়ন,
- ব্যাংকের গ্রহণযোগ্য জামানতের ধরন,
- ঋণের মেয়াদ ও পরিশোধ পদ্ধতি,
- ভৌগোলিক ভিত্তিতে ঋণের কেন্দ্রীভবন (Geographical Concentration)।
Credit Operations & Management, Module A, 6th Exam Part A Q1(a), 98th Exam Q1(c)
